আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আশাশুনিতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে সরাপপুর হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষককে গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক অভিযুক্ত মোখলেছুর রহমান (৪০)। ভিকটিম শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করে এবং প্রতিষ্ঠানের বোর্ডিংয়ে থাকে। অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হতো। গত কয়েক দিন ধরে রাতের বেলায়ও শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়। এ সময় শিশু চিৎকার করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করেন। বাড়িতে ফিরে সে বাবা-মাকে ঘটনা জানালে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে আসামী মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে।
(আরকে/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)
