প্রথম ম্যাচে রাজাপুরের জয়
মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে সাবেক কৃতি ফুটবলার আ. জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বল মাঠে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে নড়াইলের লোহাগাড়া ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের আর আর এফসি ফুটবল একাদশ। ম্যাচে রাজাপুর দলের অবুজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন (শালিখা-মহম্মদপুর) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আহসান হাবিব এবং সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির। এছাড়া নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. অলেদ আলী মোল্লা, সংগঠনটির সাবেক সভাপতি মো. মোস্তাক আহমেদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
(বিএস/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)
