লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আগামীর আলোর যাত্রা’-র আহ্বায়ক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নরসিংদী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন (বকুল)।
অনুষ্ঠানের মূল আলোচনা ও অধিবেশন:
অনুষ্ঠানটিতে ৩টি বিশেষ পর্বে জীবনমুখী ও শিক্ষামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়। ১ম পর্বে "জীবনমুখী কাউন্সিলিং ও মোটিভেশন" বিষয়ে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইনচার্জ অধ্যাপক ড. এসএম আবদুর রাজ্জাক। ২য় পর্বে "নৈতিকতা ও পরিচ্ছন্নতা জীবনের অপরিহার্য অংশ" বিষয়ে আলোচনা করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ ভূঁইয়া।৩য় পর্বে "শিক্ষকের ভূমিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা - এআই" সর্বশেষ এ পর্বে প্রযুক্তিবিষয়ক বিষয়ের ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টার কার্যালয়ের উপ-উপদেষ্টা প্রকৌশলী ফজলে রাব্বি।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেন।
(এমকে/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)
