মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু,র নের্তৃত্বে এ অভিযানে নৌপুলিশ এবং কোস্টগার্ডের একটি চৌকস দল অংশ নেন। 

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ আজ শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের অপরাধে ৮ জন অসাধু জেলেকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে নদী থেকে উদ্ধার করে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও ইলিশ ধরার জাল।

অভিযান শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জানান, "জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার ও প্রশাসনের পাশাপাশি আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় কোনো প্রকার অনিয়ম বা অসাধু জেলেদের ছাড় দেওয়া হবে না। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদাতের মাধমে বিভিন্ন মেয়াদে জেল- জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়। আট জনকে জেল জমিানা করা হয়। এছাড়া ১ জনকে মোচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় স্থানীয় প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ডের এ যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।

(এমকে/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)