শ্রীনগর প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ সময় অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।এ সময়  ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা পরিবহণের যাত্রীবাহী বাসটি হাইওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের রেলিং ভেঙ্গে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস লিডার মো. সুহেল রানা জানান, ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মুন্সীগঞ্জ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম) জানান, একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ে সড়কের পাশে পানিভর্তি খাদে গিয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত ১ জনের পরিচয় জানা গেছে। তার নাম রুকনুজ্জামান (৫৫)। সে চুয়াডাঙ্গার বাসিন্দা।

আহতরা হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৩৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮),

সাইফুল ইসলাম (৪০), রফিকুল ইসলাম (৩৫), আনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪), বোরহান উদ্দিন (৫৫)। লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত ২ জনের লাশ শনাক্তের চেষ্টা ব্যাহত আছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(এআই/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)