রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ শনিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুর আলম দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় নুর আলম। গোসলের একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিন শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দ্বিতীয় দিনের অভিযানে শনিবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
(একে/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)
