গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়।
আজ শনিবার বিকেলের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বটতলা খেয়াঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা কর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করে। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গোপালগঞ্জ সদর থানার এসআই ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের টহল ভ্যান ভাঙচুর করা হয়।
ওসি আরও জানান, পরে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পুলিশ সদস্যদের ধাওয়া দেয়। পরে তারা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
(টিবি/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)
