একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর দাদশী ইউনিয়নের ক‌লেজ ছাত্র রোহান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা এবং মামলার বাদীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘এলাকাবাসী ও রোহানের সহপাঠীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে নিহত রোহানের স্বজন, সহপাঠী, এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে রোহানের বাবা ফরহাদ চৌধুরী অভিযোগ করেন, রাসেল সরদার, লিটন সরদার, মিলন সরদার, রাজীব সরদার, খোকন সরদার, টোকন সরদার ও সুমন সরদার বিদেশে থেকে অর্থ ও নির্দেশনা দিয়ে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে জড়িত তিনজন গ্রেপ্তার হলেও অভিযুক্ত সাতজন দেশের বাইরে রয়েছেন বলে দাবি করেন তিনি।

ফরহাদ চৌধুরী আরও বলেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব ও রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এহসানুল করিম চৌধুরী হিটু এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাটসহ অন্যরা। বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রোহান। ৮ অক্টোবর সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে তাঁর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

(একে/এসপি/অক্টোবর ২৫, ২০২৬)