রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের সফল অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল শেখ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম সাকিনস্থ জনৈক বিলায়েত হোসেন মুন্সীর (ধৃত আসামির বোনজামাই) বসতবাড়ির উঠানে অভিযান চালায় পাংশা থানা পুলিশ। অভিযানে মো. জহিরুল শেখকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে সর্বমোট ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫.৫ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩৯০ টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. জহিরুল শেখ পাংশা উপজেলার হাটবনগ্রাম এলাকার মৃত দিলবার শেখের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানায়, এ ঘটনায় পাংশা থানার এসআই (নিরস্ত্র) মো. তৌহিদুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর- ২৭, তারিখ- ২৫ অক্টোবর, ২০২৬; জি আর নম্বর- ২২২/২৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাংশা থানা এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

(একে/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)