স্পোর্টস ডেস্ক : 'ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬' এ মিশ্র দিন পার করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। ২৬ অক্টোবর অনুষ্ঠিত দুটি ম্যাচে লাল-সবুজের যুবারা একটি হারের বিপরীতে তুলে নিয়েছে একটি দুর্দান্ত জয়।

বুরুন্ডির বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ ব্যবধানে হারলেও, দ্বিতীয় ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

দিনের প্রথম ম্যাচে বুরুন্ডি অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় বাংলাদেশ।
এই ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলা গুছিয়ে নিতে কিছুটা বেগ পেতে হয় যুবাদের। ফলে বুরুন্ডির আক্রমণভাগের কাছে ২-০ গোলের ব্যবধানে হার মেনে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে ফিজির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই জোড়া আঘাত হেনে ফিজির রক্ষণভাগ ভেঙে দেয় তারা।

খেলার মাত্র ৪ মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন বায়জিদ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই, ঠিক এক মিনিট পর অর্থাৎ ৫ মিনিটের মাথায় ফাহিম আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে শক্তিশালী লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ২৮তম মিনিটে একটি আত্মঘাতী গোলের সুবাদে ফিজি ব্যবধান ২-১ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, বাংলাদেশের জয়রথ তারা থামাতে পারেনি।

খেলার ৩৬তম মিনিটে বায়জিদ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে বাংলাদেশের ৩-১ ব্যবধানের নিশ্চিত জয় এনে দেন।

(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০২৬)