দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা
গ্রেপ্তার আসাদুল ও মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় শান্তা গ্রামের শামছুর রহমান সানার ছেলে ওয়াহেদুজ্জামান ওরফে শামীমকে ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে তিন দফায় পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসাদুল ইসলাম মোল্লা ও মোক্তার হোসেন খানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।
আজ মঙ্গলবার সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচাারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক নূসরত জাহান মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক আল আমিনের ৫ দিনের রিমাণ্ড আবেদন শেষে এ অদেশ দেন।
রিমাণ্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় শান্তা গ্রামের মহাতাবউদ্দিন খানের ছেলে মোক্তার খান ও নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল মোল্লা।
মামলার বিবরণে জানা যায়, মহানবীকে কটুক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে দেবহাটা উপজেলার সামছুর রহমানের ছেলে মানসিক রোগী ওয়াহেদুজ্জামান ওরফে শামীমকে গত ১৩ অক্টোবর সন্ধ্যায় বাড়িতে হামলা ও ভাংচুর, ১৪ অক্টোবর সন্ধ্যায় কুলিয়ার ডাঃ এমএ সবুরের ক্লিনিকে ও রাত ১১টায় সখীপুর হাসপাতালে ডাক্তার, পুলিশ ও আনসার সদস্যদের সামনে চিকিৎসাধীন ওয়াহেদুজ্জামান শামীমকে নৃশংস নির্যাতন করা হয়। এ ঘটনায় তার ভাই আব্দুল জলিল বাদি হয়ে ১৫ অক্টোবর দেবহাটা থানায় ফজলুল হক আমিনী, আসাদুল মোল্লা ও মোক্তার হোসেন, কয়েকজন জামায়াত ও যুবদল নেতাসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসাদুল মোল্লা, মোক্তার হোসেন ও ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করে। ফজলুল হক আমিনী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারি কর্মকর্তা ১৮ অক্টোবর আসাদুল ইসলাম ও মোক্তার খানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিন করে রিমা- আবেদন করেন।
আসামীপক্ষে রিমাণ্ড শুনানীতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলম, অ্যাড. আবু বক্কর ছিদ্দিকী, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আব্দুল মতিনসহ কমপক্ষে ১০জন আইনজীবী।
রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন উপপরিদর্শক হায়দার আলী ও অ্যাড. আবু সাঈদ।
মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক আল আমিন জানান, আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাদেরকে থানা হেফাজতে নেওয়ার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশনা মেনে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আগামি ৩০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে আদালতে সোপর্দ করতে বলা হয়েছে।
(আরকে/এসপি/অক্টোবর ২৭, ২০২৬)
