৩৫ বছর পেরোলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না
স্টাফ রিপোর্টার : আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। নতুন এ নিয়ম ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ফলে ওই তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনকারীদের নির্ধারিত বয়সসীমা মেনে চলতে হবে। বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন নিয়ম কার্যকরের জন্য ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বার কাউন্সিল।
‘আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ প্রসঙ্গে’ শিরোনামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং এ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।
বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে নতুন নিয়মের কারণে তাৎক্ষণিকভাবে সমস্যায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি কার্যকরের আগে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে।
(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০২৬)
