স্টাফ রিপোর্টার, গাজীপুর : "নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), গাজীপুর সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং চালক, পথচারী ও পরিবহন সংশ্লিষ্ট সকলের সচেতনতা সবচেয়ে জরুরি। লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে এবং ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সোলেন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মো: আহাম্মদ হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি অতি: পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, BRTA প্রতিনিধি, সভাপতি বাস মালিক সমিতি, সভাপতি নিরাপদ সড়ক আন্দোলন এবং বিআরটিএ-এর জেলা কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিনিধি, স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ আলোচনা সভায় অংশ নেন।

উক্ত আলোচনা শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য জেলা থেকে নির্বাচিত ৪জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা ক্রেস্ট ও ট্রফি দেওয়া হয়।

(এস/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)