মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার আটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “Be a Hand Washing Hero”। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লৌহজং উপজেলা সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইউসুফ ভূঁইয়া, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন এবং আটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম। এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক মো. মানিক মিয়া ও শেখ মো. সোহেল রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা এবং জনসাধারণকে স্বাস্থ্যসম্মত অভ্যাসে উদ্বুদ্ধ করা। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং নিরাপদ জীবনযাপনের বার্তা ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

(এমকে/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)