রাজন্য রুহানি, জামালপুর : আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট–তিস্তামুখ ঘাট রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক রকিব উদদৌলা আলম মাস্টার, আমিনুল ইসলাম সিদ্দিক, অধ্যক্ষ নওয়াব আলী ও ছামছুল হক।

বক্তারা বলেন, বাহাদুরাবাদ–তিস্তামুখ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগ সহজ হবে। কমবে পণ্য পরিবহনের সময় ও ব্যয়। পাশাপাশি জামালপুরসহ আশপাশের জেলাগুলোতে কৃষি, শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটবে।

বক্তারা আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানান।

(আরআর/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)