উৎসব আমেজে পঞ্চগড়ে নতুনকুঁড়ি স্পোর্টসের বাছাই
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা যথাক্রমে আটোয়ারির ৬টি, তেঁতুলিয়ার ৭টি, বোদার ১০টি, পঞ্চগড় সদরের ১০টি এবং দেবীগঞ্জ উপজেলার মোট ৪৩টি ইউনিয়নের মধ্যে উৎসবে আমেজে নতুনকুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেছে পঞ্চগড় সদর উপজেলার ৪নংকামাত কাজলদিঘী ইউনিয়নের বাছাই কমিটি।
২৭ অক্টোবর তারা বাছাই করতে গিয়ে দেখতে পায়,১০টি ইভেন্টে স্বল্প সংখ্যক খেলোয়াড় উপস্থিত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গুরুত্ব সহকারে বিবেচনায় এনে বাছাই কমিটিকে অনুরোধ করেন, সারা ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করার।
সিদ্ধান্ত অনুযায়ী ২৭ অক্টোবর সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউনিয়নের প্রতিটি গ্রামে মাইকিং করে জানানো হয়, ২৮ অক্টোবর সকাল ৯টায় আবেদনকারী খেলোয়াড়দের বাছাই পর্বে উপস্থিত থাকতে।সেই অনুযায়ী খেলোয়াড় উপস্থিত হলো ২৮ অক্টোবর উৎসব আমেজে বাছাই পর্বের উদ্বোধন করেন ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান।
গলেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নংকামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনার রহমান।
কমিটির দলনেতা, নাট্যকার ও শিশু সংগঠক প্রফেসর মোঃআব্দুর রহিম বলেন, "শিশু-কিশোরদের অনুপ্রাণিত এবং তাদের প্রতিভা বিকাশে সরকারের মিশন বাস্তবায়নে আমরা বাছাই পর্ব জাঁকজমকপূর্ণ করেছি। এছাড়া কমিটির সভাপতি চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান, সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ জাকারিয়ার উৎসাহ উদ্দীপনা ছিলো প্রশংসনীয়।"
নতুনকুঁড়ি স্পোর্টসের বিধি অনুযায়ী ১২ থেকে ১৪ বছরের বয়সের কিশোর-কিশোরদের মোট ১০টি ইভেন্টে ১৭৬ জন খেলোয়াড় বাছাই চলবে ২ নভেম্বর পর্যন্ত। এই ইউনিয়নের বাছাই পর্বে ইউনিয়নের আবেদনকারী খেলোয়াড়রা, অন্যান্য শিশু কিশোরদের সাথে অভিভাবক, শিক্ষক, ক্রীড়া অনুরাগী বিপুল সংখ্যক জনমানুষ উপস্থিত ছিলেন।
(আরএআর/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)
