স্টাফ রিপোর্টার : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে টানা দুই দিন বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে, বুধবার প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। তবে স্থানীয় বাজারে দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে আজ সকালে স্বর্ণের দাম কমেছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৩৮ ডলার। আগের দিন সকালে এ দাম ছিল ৪ হাজার ৪১ ডলার।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।

এদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২৬)