স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসা সেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন। 

বুধবার (২৮ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জামায়াত আমির লিখেছেন: রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তার কক্ষের ভেতরে তাকে মারধর করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন।

আজকে সকাল ১১টায় আইইডিসিআর (IEDCR)-এ যে ঘটনা ঘটেছে সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?

পোস্টে বিরোধীদলীয় নেতা আরো লিখেছেন: এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২৬)