সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফিফা সুলতানা, বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ উপজেলা সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিসিআইসি ও বিএডিসি সকল সার ডিলার ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

উক্ত সভায় উপজেলার কৃষি খাতে সার ও বীজের সরবরাহ, বিতরণ এবং কৃষকদের কাছে এসব কৃষি উপকরণ সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি কৃষকরা যাতে সঠিক সময়ে প্রয়োজনীয় সার ও মানসম্মত বীজ পান, সে বিষয়েও আলোচনা করা হয়।

কৃষকদের স্বার্থ রক্ষা, সার ও বীজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও সরকারী নিয়মানুযায়ী জমিতে সার প্রয়োগ করার বিষয়ে কৃষকদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

(এএন/এসপি/অক্টোবর ২৯, ২০২৬)