গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে রাসেল শিকদার (৪০) নামে প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এঘটনা ঘটে। এতে নারী-পুরুষ সহ অন্তত ৫ জন আহত হয়েছে।

তার মধ্যে প্রবাসী রাসেল শিকদার গোপালগঞ্জ আড়াই শ' শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি পাটগাতী মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিম শিকদারের ছেলে। রাসেল ৩ মাস আগে কুয়েত থেকে গ্রামের বাড়িতে এসেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া ও পাটগাতী মৌজার ১৪১ শতক জমি নিয়ে রাসেল শিকদারদের সাথে মামলা-মোকদ্দমা চলে আসছিল প্রতিবেশী মিজান শিকদার ও বাচ্চু মোল্লার। গত বুধবার হঠাৎ করে মিজান শিকদার, বাচ্চু মোল্লা, তার ছেলে হাসিব মোল্লা সহ তাদের পরিবারের লোকজন রাসেল শিকদারের বাড়িতে হামলা করে। পরে ওইদিন বিকালে রাসেল টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন দুপুরে নামাজ পড়ে রাসেল বাড়ির পাশের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মিজান শিকদার সহ অন্যান্যরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। রাসেলের চিৎকারে পরিবারের সবাই ছুটে আসলে তাদেরও মারধর করে প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে স্থানীয়রা রাসেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত রাসেল শিকদারের চাচা ওহিদ শিকদার বলেন, মিজান শিকদার, বাচ্চু মোল্লাদের সাথে জমিজমা নিয়ে আমাদের মোকদ্দমা চলছিল। বুধবার (২৮ অক্টোবর) তারা আদালতে সাক্ষী হাজির করতে পারেনি। তাই মামলায় হেরে যাওয়ার আতঙ্কে তারা আদালত থেকে ফিরেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। পরদিন বৃহস্পতিবার বাড়ির সামনে রাসেলকে একা পেয়ে কুপিয়ে জখম করে। আমরা ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে।

এবিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত রাসেলের চাচা ওহিদ সিকদার বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০২৬)