রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই ইজিবাইক, মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশসহ তিনজনকে আটক করা হয়েছে। সদর উপজেলার বাঁশগ্রাম এলাকায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ এই চক্রের সন্ধান পায়। দীর্ঘদিন ধরে চালকদের অজ্ঞান করে যানবাহন ছিনতাইয়ের ঘটনায় এই সাফল্য পেল আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাঁশগ্রাম গ্রাম উত্তরপাড়ার মিরাজুল ইসলামের বাড়িতে প্রথম অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরবর্তীতে মিরাজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রিফায়েত মোল্যা এবং সবুজ মোল্যার বাড়িতে পৃথক অভিযান চালিয়ে আরও তিনটি ইজিবাইক ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

আটককৃত অন্য আসামিরা হলেন—বাঁশগ্রামের লিকুব মোল্যার ছেলে রিফায়েত মোল্যা (১৬) ও নওশের মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩৩)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নড়াইল শহরের বিভিন্ন এলাকা থেকে চালকদের কৌশলে অজ্ঞান করে যানবাহন ছিনতাই ও চুরির সাথে জড়িত ছিল।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার এবং তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মালামাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/অক্টোবর ৩০, ২০২৬)