এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
স্টাফ রিপোর্টার : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ ও দুটি মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
এদিকে, বিগত বছরের চেয়ে এবারো পাসের হার কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এদিকে, এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে।
দুই বছরে ধারাবাহিক পতন
টানা দ্বিতীয় বছর পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর জিপিএ-৫ নেমে আসে ৬৯ হাজার ৯৭ জনে। এবার তা আরো প্রায় ২৯ হাজার কমেছে। দুই বছরে জিপিএ-৫ কমেছে প্রায় তিন-চতুর্থাংশ।
এবারই প্রথম ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়।
এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। তবে, বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা পিছিয়ে যায়। ফলে সেখানে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (educationboardresults.gov.bd ও eduboardresults.gov.bd), নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসে ফল জানা যাবে।
এসএমএসের নম্বর এবার বদলেছে। লিখতে হবে HSC, স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস, রোল নম্বর, স্পেস, পরীক্ষার বছর। যেমন HSC Dha 123456 2026। এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত।
(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৬)
