স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কালীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন কালীগঞ্জ-১ উপকেন্দ্রের ফোর-ডি ও সিক্স-এফ ফিডারের ডাবল সার্কিটে এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কালীগঞ্জ-১ উপকেন্দ্রের ফোর-ডি ফিডারে রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে। এ কাজের নিরাপত্তা ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রমের অংশ হিসেবে ফোর-ডি ও সিক্স-এফ ফিডারের ডাবল সার্কিট বন্ধ রাখা হবে।

এ কারণে দড়িপাড়া, শিমুলিয়া, নলছাটা, পিপুলিয়া, বান্দাখোলা, চড়াখোলা, দারকাভাঙ্গা, পূণ্যেরটেক, আড়াচানখোলা, তিলেরটেক, তুমলিয়া, বোয়ালি, চুয়ারিখোলা, দুর্বাটি, নয়াবাজার, রাজনগর, সাতানিপাড়া, রাঙ্গামাটিয়া, জয়রামভের, ভেটুর ও ভাদার্ত্তী এলাকার আংশিক, পিপড়াশৈরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কালীগঞ্জ জোনাল অফিস।

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৬)