স্পোর্টস ডেস্ক : স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের আন্তরিকতা নিয়ে ওঠা প্রশ্ন ও ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তত্ত্বকে হাস্যকর বলে মন্তব্য করেছেন তিনি।

পাশাপাশি সর্বশেষ বিশ্বকাপের আয়োজন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।

‘লস এদুল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেস বলেন, ‘ষড়যন্ত্র তত্ত্বগুলো আমাকে হাসায়।
৫১ দিনের পুরো প্রক্রিয়াটা আমি দেখেছি। ভ্রমণের বিষয়টিও দেখেছি।
বিশ্রামের জন্য যদি আরও এক দিন সময় পেতাম, তাহলে আমাদের জন্য ভালো হতো। বিশ্বকাপের ফাইনাল কে হারতে চায়?’

স্পেনের কাছে ১-০ গোলে হেরে ফাইনাল থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।
সেই ম্যাচে দলের খেলোয়াড়দের সর্বোচ্চ চেষ্টা ও প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জনের উৎসই বুঝতে পারছেন না মার্তিনেস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সব তথ্য মানুষ বিশ্বাস করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্তিনেস বলেন, ‘এসব তত্ত্ব কোথা থেকে এসেছে, আমি জানি না। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ সবকিছুই বিশ্বাস করে।’

সর্বশেষ বিশ্বকাপের সঙ্গে কাতার বিশ্বকাপের তুলনা করেও নিজের অসন্তোষের কথা জানিয়েছেন মার্তিনেস। তার মতে, এবারের আসরে ম্যাচের মধ্যবর্তী বিশ্রামের সময় ছিল খুবই কম। এ ছাড়া টুর্নামেন্টে ফুটবলের চেয়ে বিপণন বা মার্কেটিংয়ের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিশ্বকাপের যে বিষয়টি আমার ভালো লাগেনি, তা হলো অতিরিক্ত মার্কেটিং। কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানে মার্কেটিংয়ের প্রাধান্য ছিল অনেক বেশি। ম্যাচগুলোর মধ্যে বিশ্রামের সময়ও ছিল খুব কম।’

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৬)