আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়মে পরিবর্তন আসছে। আগামী ৩০ নভেম্বর থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে জীবনযাত্রার খরচ হিসেবে আগের তুলনায় বেশি অর্থ দেখাতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের প্রতি মাসের জীবনযাত্রার খরচ হিসেবে ১ হাজার ৫৭০ পাউন্ড দেখাতে হবে। আগে এই অঙ্ক ছিল ১ হাজার ৫২৯ পাউন্ড। সর্বোচ্চ নয় মাসের হিসাবে এখন শিক্ষার্থীকে ১৪ হাজার ১৩০ পাউন্ডের অর্থ দেখাতে হবে।

অন্যদিকে, লন্ডনের বাইরে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ২০৩ পাউন্ড দেখাতে হবে। আগে এই অঙ্ক ছিল ১ হাজার ১৭১ পাউন্ড। নয় মাসের হিসাবে প্রয়োজন হবে ১০ হাজার ৮২৭ পাউন্ড।

এই অর্থ টিউশন ফি, ভিসা আবেদন ফি ও স্বাস্থ্য সারচার্জের বাইরে আলাদাভাবে দেখাতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বর বা তার পর ভিসার আবেদন করলে বর্ধিত আর্থিক সক্ষমতার শর্ত প্রযোজ্য হবে। আবেদনকারীর ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ টানা ২৮ দিন থাকতে হবে।

এই অর্থ শিক্ষার্থীর নিজের ব্যাংক হিসাবের পাশাপাশি বাবা-মায়ের হিসাবেও থাকতে পারে। এছাড়া অনুমোদিত শিক্ষাঋণ বা প্রাতিষ্ঠানিক স্পনসরশিপের নথিও আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।

তবে যারা ইতোমধ্যে বৈধভাবে অন্তত এক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের ক্ষেত্রে সাধারণত নতুন করে এই আর্থিক প্রমাণ দেখানোর প্রয়োজন হবে না।

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৬)