মধ্যরাতে শুরু হচ্ছে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার : সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। তবে, জাটকা রক্ষায় এখন পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসনের তেমন কোনো প্রচারাভিযান লক্ষ্য করা যায়নি।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১ নভেম্বর) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাস ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুত দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। জাটকা রক্ষায় জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “জাটকা রক্ষায় জেলার সব নদী ও সাগরে আমাদের অভিযান চলবে। পাশাপাশি নৌ-পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জেলা প্রশাসনও অভিযান পরিচালনা করবে। তাই আমরা জেলেদের জাটকা নিধন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তারপরও যদি কেউ আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জাটকা শিকার নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।”
(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৬)
