রিপন মারমা, রাঙামাটি : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ সূচনা করা হয়।

আজ রবিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

যুবসমাজকে উদ্দীপ্ত করে প্রধান অতিথি বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থানের জন্য যে ডাক দিয়েছেন, তা বাস্তবায়নে যুবকদের জোরালোভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ,রাঙামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী এবং কাপ্তাই থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ও যুব সংগঠক ইব্রাহীম হাবিব মিলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যুব সংগঠক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রাব্বি এবং সফল ঋণগ্রহিতা থুইনচিং মারমা। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় উদীয়মান যুব-যুবতীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান ও যুব ঋণের চেক সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। পাশাপাশি নিবন্ধিত বিভিন্ন যুব সংগঠনের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পরিশেষে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় বাউল শিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশের পরিবেশনায় গান উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে।

(আরএম/এসপি/নভেম্বর ০১, ২০২৬)