নদীতে ড্রেজার মেশিন বসানোর তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা
মোঃ মাসুদ খান, মুন্সীগঞ্জ : জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও যুব সমাবেশে পদ্মা নদী রক্ষা এবং অপরাধ দমনে কঠোর হুশিয়ারি ও বিশেষ ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের এমপি ও বিএনপি'র যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, পদ্মা নদীতে যদি কোনো ড্রেজার মেশিন বসিয়ে বালু কাটা হয়, তবে সেই তথ্য প্রদানকারীকে ৫০ হাজার টাকার পরিবর্তে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সালাম আজাদ বলেন, অপরাধীদের কোনো দল বা পরিচয় থাকতে পারে না; অপরাধ যেখানেই হবে, তাকে প্রতিহত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, "রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড যদি এই যুবদলের কোনো কর্মী করে, তবে আমি আর তার পক্ষে তদবির করতে যাব না। রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড এই যুবদলের কর্মী করতে পারবে না। যদি কেউ করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে এ বিষয়ে কঠোরভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে সচেতন থাকার এবং সমাজ থেকে অপরাধ দূর করে একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মুখতার হোসেন খান প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ রানার ভূঁইয়া।
(এমকে/এসপি/নভেম্বর ০১, ২০২৬)
