জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান শাকিল (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিল না।
আজ রবিবার দুপুরে এই দণ্ডাদেশ দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম।
দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান শাকিল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানি মথুরিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান শাকিল। পরবর্তীতে তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার সাতদিন পর গাজীপুর এলাকা থেকে ভুক্তভোগী ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
(আরআর/এসপি/নভেম্বর ০১, ২০২৬)
