স্টাফ রিপোর্টার : কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

ফলে এই ৪ দিন এলএনজি সরবরাহ কমবে। এ সময়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর অধিভুক্ত এলাকার সকল শ্রেণীর গ্রাহক গ্যাসের স্বল্পচাপ পাবেন।

সোমবার (২ নভেম্বর) কেজিডিসিএল’র ব্যবস্থাপক (জনসংযোগ) মো. সাখাওয়াত হোসেন জানান, গ্রাহকদের সাময়িক অসুবিধার দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

কেজিডিসিএলের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে মোট গ্রাহক ১ লাখ ৪৬ হাজার ১৭৪ জন। এর মধ্যে ক্যাপটিভ পাওয়ারের গ্রাহক ২০৪ জন এবং শিল্পগ্রাহক ৯৬২ জন।
অবশিষ্ট গ্রাহক বিদ্যুৎ, সার, বাণিজ্যিক ও আবাসিক খাতে। এখানকার অনেক শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য ক্যাপটিভ গ্যাসের ওপর নির্ভরশীল।
চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক সময়ে দৈনিক গ্যাসের চাহিদা থাকে প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলা’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনালের গ্যাস সরবরাহের সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৯২ কোটি ঘনফুট। নির্ধারিত সময়ে সামিটের টার্মিনালে এলএনজি থেকে গ্যাসে রূপান্তরের কার্যক্রম বন্ধ থাকবে।

(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২৬)