সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নিজ অর্থায়নে ভেঙ্গে যাওয়া একটি কালভার্ট সংস্কার করার উদ্যোগ নিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ এনায়েত হোসেন।

উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া থেকে মোন্তার মোড় আঞ্চলিক সড়কের ইজারাপাড়া ডাঙ্গী জামে মসজিদ সংলগ্ন ভাঙ্গা কালভার্টটি তিনি ব্যক্তিগত অর্থায়নে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার কাজ চলমান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান, রাজীব ও টিটন মাতুব্বর জানান, প্রায় দুই বছর আগে কালভার্টটি ভেঙ্গে যাওয়ার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল। তবে কয়েকদিন আগে সেটি আবারও ভেঙ্গে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচলসহ স্থানীয় মানুষের যাতায়াতে চরম বিঘ্ন সৃষ্টি হয়। এ অবস্থায় জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে যুবদল নেতা এনায়েত হোসেন নিজ উদ্যোগে ও অর্থায়নে কালভার্টটি পুনরায় সংস্কারের ব্যবস্থা করছেন। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারকাজ সম্পন্ন হবে। এতে সড়কটিতে চলাচলের প্রতিবন্ধকতা দূর হবে।

নিজ অর্থায়নে জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা সংস্কার করে দেওয়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

যুবদল নেতা এনায়েত হোসেন বলেন, প্রায় এক থেকে দেড় বছর আগে নিচ থেকে মাটি ধসে কালভার্টটি একপাশে হেলে পড়ে ভেঙ্গে যায়। এরপর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে তক্তা দিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে দেন। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে সেই তক্তাগুলোও ভেঙে পড়ে। কয়েক দিন আগে কালভার্টটি ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনসাধারণের চলাচলের রাস্তা। বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আনা হয়েছে এবং তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু এলাকার মানুষ প্রতিনিয়ত আমাকে কালভার্টটি সংস্কারের অনুরোধ জানাচ্ছেন। বিশেষ করে পাট, পেঁয়াজসহ কৃষিপণ্য এবং বর্তমান ধানের মৌসুমে ফসল আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে জনস্বার্থে আমার নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে রড, সিমেন্ট ও বালু দিয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে কালভার্টটি চলাচল উপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘব করা আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে কাজ করতে পারাকে আমি দায়িত্ব মনে করি। সমাজের উন্নয়ন শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল নয়, যার যার সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে এলাকার অনেক সমস্যার সমাধান সম্ভব। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনস্বার্থসংশ্লিষ্ট কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

(এএন/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)