স্টাফ রিপোর্টার : নিকেতন এলাকার বাসিন্দাদের সার্ভিস চার্জ ও অন্যান্য ফি পরিশোধে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দিতে নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে বাংলা কিউআর স্ক্যান করে এই এলাকার বাসিন্দারা খুব সহজেই তাদের দৈনন্দিন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে নিকেতন সোসাইটির ভেতরে যাতায়াতের জন্য ব্যবহৃত বগি যাত্রী পরিবহন সার্ভিসে বাংলা কিউআর পেমেন্ট চালু করা হয়েছে। এর ফলে, সোসাইটির বাসিন্দাদের যাতায়াত ও ভাড়া পরিশোধ আরও সহজ হবে।

২ নভেম্বর ২০২৬ ঢাকার নিকেতনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল পেমেন্ট সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১-এর জয়েন্ট ডিরেক্টর জুয়েল মজুমদার এবং নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল বাশার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী আরিফসহ অন্যান্য সাধারণ সদস্য ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক পর্যায়ক্রমে পুরো নিকেতন এলাকায় বাংলা কিউআর সেবার পরিধি বাড়াবে। এর ফলে বাসিন্দারা নগদ টাকার ঝামেলা ছাড়াই শুধু কিউআর কোড স্ক্যান করে তাদের সার্ভিস চার্জ ও অন্যান্য ফি দিতে পারবেন। পরবর্তীতে এই সুবিধা নিকেতনের ছোট দোকান, সুপারস্টোর, মুদি দোকান, ফার্মেসি এবং অন্যান্য স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানেও সম্প্রসারণ করা হবে, যাতে নাগরিকরা তাদের দৈনন্দিন ট্রানজ্যাকশনে স্বাচ্ছন্দ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে পারেন।

এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সারাদেশে ৭৫,০০০-এরও বেশি মার্চেন্ট পয়েন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে বাংলা কিউআর সেবা বিস্তারে নেতৃত্ব দিচ্ছে। নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সাথে আমাদের এই চুক্তিটি মূলত কমিউনিটি বা এলাকাভিত্তিক পেমেন্ট ব্যবস্থাকে সহজ করার একটি উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস ইকোনমি ভিশনকে বাস্তবে রূপ দিতে আমরা আমাদের কিউআর নেটওয়ার্ক আরও বাড়িয়ে যাবো, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে উদ্বুদ্ধ করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করবে।”

উল্লেখ্য, বাংলা কিউআর হলো একটি ইন্টারঅপারেবল ডিজিটাল পেমেন্ট মাধ্যম, যার মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এটি ব্যবসায়ীদের জন্য নগদ টাকা লেনদেনের ঝামেলা ছাড়াই পেমেন্ট নেওয়ার একটি চমৎকার ও নিরাপদ মাধ্যম।

নানাবিধ সুবিধার পাশাপাশি বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের ডিজিটাল লেনদেনের রেকর্ড রাখতে পারবে, যা ব্যবসায় স্বচ্ছতা আনবে এবং ব্যাংকিংব্যবস্থার সাথে তাদের সম্পৃক্ততা বাড়াবে। স্থানীয় ব্যবসা ও সেবাদাতাদের ডিজিটাল পেমেন্টের আওতায় এনে ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পুরো নিকেতন কমিউনিটির জন্য ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও কার্যকর করে তোলা।

(পিআর/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)