রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ও  জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত "টাস্কফোর্স" এর একটি মোবাইল কোর্ট পরিচালনায় তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-

১. মিনিবাস ফিলিং স্টেশন, বাখুণ্ডা, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠানের অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায় এবং ট্যাংকলরি ক্যালিব্রেশন সনদ পাওয়া না যাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর ৩২(৩)/৫২ ধারা মোতাবেক ৩০,০০০/- জরিমানা।

২. রিজিক ড্রিংকিং ওয়াটার, লালখাঁর মোড়, সদর, ফরিদপুর এর উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য প্রদান করায় "বিএসটিআই আইন-২০১৮" এর ৩০/৩০ ধারা মোতাবেক ১০,০০০/- জরিমানা।

৩. ইউনাইটেড ফিলিং স্টেশন, ফরিদপুর-বরিশাল মহাসড়ক, কাফুরা, মুন্সীবাজার, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠানের সকল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।

৪. আল বারাকাহ এন্ড কোং, ফরিদপুর-বরিশাল মহাসড়ক, কাফুরা, মুন্সীবাজার, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ সঠিকভাবে সংরক্ষণ না করায় "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯" মোতাবেক ৪০,০০০/- জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ফরিদপুরে গঠিত টাস্কফোর্স ও বিএসটিআই এর এরকম অভিযান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফরিদপুর বিএসটিআই-এর অফিস উপ-পরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন।

(আরআর/এএস/নভেম্বর ০৪, ২০২৬)