সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরদিয়া গ্রামে কালাম মুন্সীর সমর্থকদের সাথে নুরইসলাম মুন্সীর আধিপত্যে নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে কালাম মুন্সী তার ফসলী জমিতে বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এরই জেরধরে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সাথে কালাম মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঢাল-সড়কী, ইটপাটকেল নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা ১৫টি বসতঘর ভাঙচুর করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কালাম মুন্সী, শাহজাহান মাতুব্বর সহ পাঁচজন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মেহেরদিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। গ্রামের কালাম মুন্সীর ফসলী জমিতে বেড়া দেওয়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এএন/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)