স্টাফ রিপোর্টার : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

নতুন নিয়ম চালু হলে আবেদনকারীকে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে এনআইডি সংশোধনের আবেদন করতে হবে। অন্যের নামে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আবেদন করার সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসির কর্মকর্তারা জানান, এ ব্যবস্থা চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করছে ইসি। মোবাইল নম্বরের মালিকানা যাচাইয়ে সংস্থা দুটির মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি সূত্র জানা যায়, বর্তমানে একটি মোবাইল নম্বর ব্যবহার করে সর্বোচ্চ আটটি এনআইডি সংশোধনের আবেদন করা যায়। নতুন ব্যবস্থা চালু হলে একটি নম্বর দিয়ে শুধু ওই নম্বরের মালিকের এনআইডি সংশোধনের আবেদন করা যাবে। এ ক্ষেত্রে আবেদনকারীর পরিচয় ও মোবাইল নম্বরের মালিকানা যাচাই করা হবে।

এদিকে প্রবাসীদের জন্য এ নিয়মের আওতায় আলাদা কোনো ব্যবস্থা রাখা যায় কিনা ভাবছে নির্বাচন কমিশন।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৬)