তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা নদীর মাদ্রা এলাকা থেকে শুক্রবার রাত ১০টার দিকে এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তালা উপজেলার মাদ্রা গ্রামের রবীন্দ্র নাথ মণ্ডলের মেয়ে দুলী মণ্ডল জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কলাগাছির বিপরীতে মাদ্রা গ্রামে তার নিজের মৎস্য ঘেরে যেয়ে নলবাগানের মধ্যে নেটে জড়ানো একটি মৃতদেহ দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয়দের জানান। পরে পুলিশকে অবহিত করা হয়। ওই যুবকের পরনে জিনস এর প্যাণ্ট, কলারযুক্ত গেঞ্জি ও কোমরে একটি গামছা পেচানো ছিলো।
স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা ওই যুবকের বয়স ২৫ এর কাছাকাছি হবে। ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, শুক্রবার রাত ১০টার দিকে ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। ফলে তার মৃতদেহ পচন ধরায় শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সনাক্ত করা সম্ভব নয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(আরকে/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)
