কাপাসিয়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখার রোকনদের গোপন ব্যালটে নবনির্বাচিত দুই আমির শপথ গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখার পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত জেলা আমির বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো: শেফাউল হক এবং মহানগর আমির সাবেক ছাত্র শিবির নেতা মো. খায়রুল হাসান শপথ গ্রহণ করেন।

দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব। তিনি নবনির্বাচিত দুই আমিরকে শপথবাক্য পাঠ করান।

জেলা জামায়াতের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম। দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মাওলানা মো: দেলোয়ার হোসেন। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা মো: খলিলুর রহমান মাদানী এবং কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের বিদায়ী আমির অধ্যাপক মো: জামাল উদ্দিন।

অন্যদিকে মহানগর জামায়াতের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি আ স ম ফারুক।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন জানান, ‘গাজীপুর মহানগর জামায়াতের প্রতিষ্ঠাকালীন আমির ছিলেন এসএম সানাউল্লাহ। নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে নবনির্বাচিত আমিরের নেতৃত্বে সংগঠনকে আরো সুসংগঠিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)