জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, আহত ২২
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ রেকর্ড করেছে। ভূমিকম্পের পর কয়েকবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পে আইচি প্রিফেকচারসংলগ্ন বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে, হামামাতসু শহর, প্রাচীন রাজধানী কিয়োটো ও নারা এবং ইয়ামানাশি ও গিফু প্রিফেকচার রয়েছে। ইয়ামানাশিতেই অবস্থিত জাপানের বিখ্যাত ফুজি পর্বত।
জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে বিভিন্ন দোকানের ভাঙা জানালা এবং সড়কে ছড়িয়ে থাকা কাচের টুকরো দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে পড়ে অসংখ্য বই মেঝেতে ছড়িয়ে থাকতে দেখা যায়। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সংস্থাটির কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ভূমিধস, পাথর ধসে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, নানকাই ট্রাফ অঞ্চলের টেকটোনিক প্লেটে এখন পর্যন্ত অস্বাভাবিক কোনো পরিবর্তন শনাক্ত করা যায়নি। বিজ্ঞানীদের আশঙ্কা, এই অঞ্চলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে।
(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০২৬)
