স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

নিয়মিত মৌসুমে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।

তবে মেসির ব্যক্তিগত অর্জনের দিনে জয় পায়নি তার দল ইন্টার মায়ামি।
নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। ঘরের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি।

ম্যাচে গোল না পেলেও পুরো মৌসুমের পারফরম্যান্সে সবার ওপরে ছিলেন মেসি। ২৬ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে শেষ করেছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ২১ গোল নিয়ে তৃতীয় ন্যাশভিলের স্যাম সারিজ। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ব্রায়ান হোয়াইটের গোল ২০টি।

গত মৌসুমেও ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবার গোলসংখ্যা কিছুটা কমলেও ধারাবাহিকতা ধরে রেখে অনন্য কীর্তি গড়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও দারুণ সফল ছিলেন মেসি। নিয়মিত মৌসুমে তার অ্যাসিস্ট ১৭টি, যা লিগের সর্বোচ্চ অ্যাসিস্টের চেয়ে মাত্র একটি কম। সব মিলিয়ে মায়ামির আক্রমণভাগে সবচেয়ে বড় অবদান তারই। নিয়মিত মৌসুমে ৮০ গোল করে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে দলটি। এর মধ্যে ২৬টিই মেসির।

ব্যক্তিগত পরিসংখ্যানেও ছিলেন সবার ওপরে। পুরো মৌসুমে ১৮৩টি শট নিয়েছেন তিনি, যার মধ্যে ৭৬টি ছিল লক্ষ্যে। গত আগস্টে মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন মেসি।

এবার মেসির সামনে আরও একটি বড় অর্জনের হাতছানি। টানা তৃতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। গত মৌসুমে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন আর্জেন্টাইন তারকা।

(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০২৬)