এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর দেশে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

শনিবার (৭ নভেম্বর) বিকেল চারটায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বাদশা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল। সেদিন সিপাহী-জনতা সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই এ দেশ তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে রূপ নেয়। তিনি দেশের মানুষকে কর্মমুখী জাতি হিসেবে গড়ে তোলেন। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গোলাম মোহাম্মদ সিরাজ, কাজী রফিকুল ইসলাম, মোরশেদ মিল্টন, সুরাইয়া জেরিন রনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান-সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

(ওএস/এসপি/নভেম্বর ০৮, ২০২৬)