বিনোদন ডেস্ক : সমকালীন কিছু ঘটনাকে কেন্দ্র করে একজন শিল্পীর আচার-আচরণ নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা চলছে। নানাজন নানাভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছেন। এ পরিস্থিতিতে আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বললেন—“সত‍্যিকারের শিল্পীরা আসলেই ফুলের মতো।” 

জায়েদ খান এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। একসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এই নায়ক। সেই সময়ে শিল্পী সমিতির কার্যালয়ে একটি বোর্ড লাগিয়েছিলেন। সেই বোর্ডের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই মন্তব্য করেছেন তিনি।

এ ছবিতে দেখা যায়, ইংরেজি বর্ণে লেখা—“আর্টিস্ট”। শব্দটি লিখতে ইংরেজি সাতটি বর্ণ লাগে। প্রতিটি বর্ণের পূর্ণ রূপ ও তার বাংলা তরজমা লেখা আছে। মূলত, একজন শিল্পীর মূল গুণাবলী স্মরণ করাতে এই উদ্যোগ নিয়েছিলেন এই অভিনেতা।

এ বিষয়ে জায়েদ খান বলেন, “আমি যখন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, তখন অনেক সিনিয়র চলচ্চিত্র পরিচালক, সিনিয়র অভিনেতাদের সঙ্গে আলাপ-আলোচনা এবং ডিকশনারি খুঁজে ‘ARTISTE’ সম্পর্কে এই বোর্ডটি চলচ্চিত্র শিল্পী সমিতিতে লাগিয়েছিলাম। এটা সম্পূর্ণ নিজ উদ্যোগে করেছিলাম।”

‘আর্টিস্ট’ শব্দের প্রতিটি বর্ণের আলাদা আলাদা অর্থ এখনো খুঁজে বেড়ান জায়েদ খান। তার মতে—“আসলেই এখনো এই শব্দগুলোর গভীরতা খুঁজে বেড়াই। হয়তো আমার মধ‍্যে এর একটি গুণও নাই। তবে শব্দগুলো আসলেই একজন প্রকৃত শিল্পীর জন‍্য খুবই জরুরি।”

সত্যিকারের শিল্পীরা ফুলের মতো বলে মনে করেন জায়েদ খান। তিনি বলেন, “একজন শিল্পীর মধ্যে এইগুলোর মধ‍্য থেকে কয়েকটাও যদি না থাকে, তার টিকে থাকা কঠিন। কারণ সত‍্যিকারের শিল্পীরা আসলেই তো ফুলের মতো।”

বলে রাখা ভালো, অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে সেলিব্রেটিদের নিয়ে টক শো উপস্থাপনা করছেন। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করছেন জায়েদ খান। বর্তমানে ‘ভায়োলেন্স’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক।

(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৬)