রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ভোক্তা সাধারণের জন্যে স্বাস্থ্যসম্মত, গুণগত মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ও বিএসটিআই এর উদ্যোগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, ২টি কারখানা শীলগালা ও নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

উক্ত আদালতে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেগুলো হচ্ছে :
১. বিল্লাল বেকারী, সুতলিয়া মধ্যপাড়া, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদেশক্রমে প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তী নির্দেশনা ব্যতীত প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

২. হাবিব বেকারী, রুপাপাত বাজার, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" মোতাবেক ৫,০০০/- জরিমানা করা হয়।

৩. ফাইভ স্টার, রুপাপাত বাজার, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানে ব্যবহৃত লিটার মেজার্সে জ্বালানী তেল পরিমাপে কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" মোতাবেক ৩,০০০/- জরিমানা করা হয়।

৪. মিনহা বেকারী এন্ড কনফেকশনারী, রুপাপাত বাজার, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে সরেজমিনে পরিদর্শনকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে উপস্থিত না পাওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদেশক্রমে প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তী নির্দেশনা ব্যতীত প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

৫. মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, রুপাপাত বাজার, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯" মোতাবেক ২,০০০/- জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি নাজমুন্নাহার নাঈম, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি অফিস, বোয়ালমারী, ফরিদপুর-এর নেতৃত্বে পরিচালিত হয়। এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট) ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে বিএসটিআই কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন।

(আরআর/এএস/নভেম্বর ১০, ২০২৬)