৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশ পুতুল রাষ্ট্রে পরিণত হতো
স্টাফ রিপোর্টার : ৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশ প্রতিবেশী দেশের নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত হতে পারত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধা, সাহসী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী প্রচেষ্টা রুখে দিয়েছিলেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণঅধিকার পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের গতিপথ ভিন্ন হতে পারত। এতে দেশের জন্য বিপর্যয় নেমে আসত এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ত। পৃথিবীতে অনেক ছোট দেশ রয়েছে, যেগুলো অন্য দেশের নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়। ৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশও হয়তো তেমন একটি পুতুল রাষ্ট্রে পরিণত হতো।
তিনি বলেন, এ কারণেই ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়। তবে বিভিন্ন রাজনৈতিক দল দিনটিকে ভিন্নভাবে বিশ্লেষণ ও স্মরণ করে আসছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, ৩ নভেম্বর জেলহত্যার ঘটনায় জিয়াউর রহমানকে দায়ী করা হলেও সে সময় তিনি বন্দি ছিলেন। বন্দি অবস্থায় থেকে তার পক্ষে এ হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। একইভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের জন্যও জিয়াউর রহমানকে দায়ী করে আওয়ামী লীগ রাজনৈতিক বয়ান তৈরি করেছে। অথচ তখন তিনি সেনাপ্রধান কিংবা রাষ্ট্রপতি ছিলেন না। রাজনৈতিকভাবে দায় চাপাতে আওয়ামী লীগ মিথ্যা ও বিকৃত ইতিহাস প্রচার করে জাতিকে বিভক্ত করেছে এবং ঘৃণা-বিদ্বেষ ছড়িয়েছে।
(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৬)
