গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮
গোপালগঞ্জ প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এদিকে, রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এ ছাড়া, মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেটে ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে ও কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এদিকে, এসব ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য জানায়নি পুলিশ।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হা্বীবুল্লাহ পুলিশ মিডিয়া গ্রুপে মঙ্গলবার সকালে জানিয়েছেন, সোমবার (৯ নভেম্বর) রাতে রাতে নাশকতা সৃষ্টিকারী ৮ জন গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৭টি মোটরসাইকেল জব্দ ও ১৫ টি ককটেল উদ্ধার করা হয়। রাত ৩ টায় ঢাকা-খুলনা হাইওয়েতে দুটি গাছ কেটে রাস্তা ব্লক দেওয়ার চেষ্টা করেছিল। সাথে সাথেই ক্লিয়ার করা হয়েছে। ঢাকা-খুলনা হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সদর থানা, কাশীয়ানি ও কোটালীপাড়ায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে ৬টি ককটেল নিক্ষেপ করেছে দৃবৃত্তরা। গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সুপার দাবি করেছে।
(টিবি/এসপি/নভেম্বর ১০, ২০২৬)
