গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

'একাউন্টটিং ফর গুড গভর্নেন্স' প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, এআইএস বিভাগের সভাপতি মো. রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে দুপুর ১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খসরুল আলমকে সঙ্গে নিয়ে কেক কাটেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে এআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনলাইন সেমিনারে যোগদান করেন। সেমিনারে সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ হিসাববিদ গড়ে তুলতে হবে। যাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

(টিবি/এসপি/নভেম্বর ১০, ২০২৬)