রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের ভিপি কৌশুলী আইনজীবী অ্যাড. নূরুল আমিনের নিয়োগ বাতিল করা হয়েছে। গত ২ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপসচিব তুষার আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে তার নিয়োগ বাতিল করা হয়। এ সংক্রান্ত চিঠিটি গত সোমবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌঁছায়।

অ্যাড. নুরুল আমিন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সদস্য সচিব ও আগামি ৩ ডিসেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
গত ২৭ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউজার আজিজ এর ভূমি সচিব(ভারপ্রাপ্ত) বরাবর সাতক্ষীরা জেলার ভিপি কৌশুলী বরাবর পাঠানো চিঠি থেকে জানা যায়, অর্পিত সম্পত্তি আপিল ট্রাইব্যুনাল এর গত ২৬ জানুয়ারির শুনানীতে একটি মামলায় গণ খারিজ হয়ে যায়। এতে সরকারি কৌশুলী অ্যাড. নুরুল আমিনের দায়িত্ব অবহেলার কারণে সরকারি স্বার্থ ক্ষুন্ন হয়েছে মর্মে প্রতীয়মান হয়। বিষয়টি নিয়ে ১৬ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে ভিপি কৌশুলী অ্যাড. নুরুল আমিন গত ২৬ অক্টোবর সকাল ১১ টা দিকে কোন অনুমতি ছাড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের কক্ষে ঢুকে তাকে অবহিত না করে তার বিরুদ্ধে কেন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে তার ব্যাখ্যা চান। অতিরিক্ত জেলা প্রশাসক আইন, পরিপত্র ও বিধির আলোকে তাকে বোঝানোরে চেষ্টা করেন। কিন্তু নূরুল আমিন অপমানজনক কথা বলেন এবং চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। অতঃপর তিনি নিজের ফেইসবুক পেইজে মিথ্যা, বানায়াট ও আপত্তিকর ভাষায় অতিরিক্ত জেলা প্রশাসক সাতক্ষীরার বিরুদ্ধে বিবৃতি প্রদান করেন। এ ছাড়া জেলা আইনজীবী সমিতির নিজ পদ/পদবী ব্যবহার করে মানববন্ধন ঘোষণা দেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানায় ঢুকে কর্মকর্তা ও কর্মচারিদের সাথে অশোভন আচরণ করেন। সরকারের নিয়মিত ভাতাভোগী ভিপি কৌশলী একজন সরকারি কর্মকর্তার সাথে এ হেন অসদাচরণ অনভিপ্রেত, অনাকাঙ্খিত ও দণ্ডনীয় বলে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার সরকারি কৌশুলী অ্যাড. নূরুল আমিনের নিয়োগ বাতিল সংক্রান্ত চিঠি গত সোমবার পেয়েছেন বলে নিশ্চিত করেন।

(আরকে/এএস/নভেম্বর ১১, ২০২৬)