মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদী ভাঙন রোধে হাতে নেওয়া উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এখানে প্রকল্পের পাশ থেকে অবৈধভাবে বালু তুলে যেনতেন নির্মাণকাজ চলছে। এতে হুমকিতে পড়েছে সরকারের ৫৮৮ কোটি টাকার প্রকল্প।

আজবুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উড়িরচর-নোয়াখালী অংশে পানি উন্নয়ন বোর্ডের কাজটি নৌবাহিনীর তত্বাবধানে করছে প্রোপার্টি ডেভলপমেন্ট লিমিটেড (পিডিএল)। এখানে ঠিকাদারী প্রতিষ্ঠান জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে প্রকল্পের পাশ থেকে কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তুলে কাজ করছে। যাতে ভাঙন বৃদ্ধির আশংকা করছে এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ড্রেজার চালক বলেন, 'পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের নিয়োগ দিয়েছেন। আমরা নদী থেকে বালু তুলে প্রকল্পে সরবরাহ করছি।'

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ঠিকাদার এভাবে অবৈধভাবে বালু তুলে ক্রসড্যাম নির্মান করতে পারে না। আর এটি করলেও তা অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে নদী ভাঙন রক্ষার চাইতে আরো ক্ষতি হবে বেশি। আমরা এ অবৈধ বালু তোলা বন্ধের দাবি জানাই।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, বালু তোলার অনুমতি চেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের আবেদনটি আমরা জেলা প্রশাসককে পাঠিয়েছি। কাজটি নৌবাহিনী করছে তাই এর বেশি আমরা কিছু জানি না।

প্রকল্পের পরিচালক কমান্ডার রাফি দাবি করে বলেন, একনেকে পাস হওয়ার সময় বালু তোলার বিষয়টি ডিপিপতে বলা হয়েছে। তারপরও অনুমতির জন্য বিষয়টি জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এভাবে বালু তোলার অনুমতি কাউকে দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের একটি চিঠি আমরা মন্ত্রণালয়ের পাঠিয়েছিলাম। কিন্তু তা অনুমোদন না দিয়ে আবার ফেরত পাঠানো হয়েছে। বালু তোলা অব্যাহত থাকলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে।

এ ব্যাপারে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগের বিষয়ে লিখিতভাবে পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এলাকাবাসীর ভালোবাসার এ প্রকল্পে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২৬)