প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
স্টাফ রিপোর্টার : তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন কপ-৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি প্যাভিলিয়নে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।
এ সময় প্যাভিলিয়নে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৬)
