‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
স্টাফ রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, “চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। তবে দেশে ফিরলেই তিনি আপিলের সুযোগ পাবেন, এমনটি নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।”
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিলের সময়সীমা নির্ধারিত রয়েছে। সেই সময় পার হওয়ার পর আপিল করতে চাইলে তার কী পরিণতি হয়, তা আবুল কালাম আযাদের মামলায় দেখা গেছে।”
শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “বিষয়টি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভরশীল। এ নিয়ে সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাদের অবস্থান জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “আইন সবার জন্য সমান। এ বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিরা আইনের বিধান এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই বক্তব্য দিয়েছেন। এখানে তঞ্চকতা বা আইনের অপব্যাখ্যার সুযোগ নেই।”
শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, এমন প্রশ্নে রুহুল কুদ্দুস কাজল জানান, তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে চান না। তবে শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি যদি আইনের সামনে নিজেকে সোপর্দ করতে চান, তাহলে দেশে আসতে পারেন। সে ক্ষেত্রে তাকে আইন মেনেই চলতে হবে, অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৬)
