স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের চেতনা মানুষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। এ দেশের মানুষ বারবার প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ হলে তারা বৃহত্তম শক্তিকেও প্রতিরোধ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকায় সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনার মধ্য দিয়ে মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছিল। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ চেতনা ভূমিকা রেখেছে। তবে বিভিন্ন সময়ে সামরিক শাসন ও ফ্যাসিবাদ নতুন নতুন রূপে ফিরে এসেছে। ১৯৯০ ও ২০২৪ সালেও মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তির পরিচয় দিয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এমন একটি ব্যবস্থা, যা ক্রমান্বয়ে স্বচ্ছতা তৈরি করে। গণতান্ত্রিক পরিবেশে একজন মানুষ নির্ভয়ে চলাচল করতে পারবেন, নিজের মত প্রকাশ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে গুম, গ্রেপ্তার কিংবা হয়রানির শিকার হতে হবে না। এমন ভয়হীন পরিবেশ নিশ্চিত করাই গণতন্ত্রের মূল লক্ষ্য।

বিএনপির এই নেতা বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী শাসনের নানা নমুনা দেখা গেছে। রাজনৈতিক ভিন্নমতের কারণে বুদ্ধিজীবী ও শিক্ষকদের মূল্যায়ন করা হয়নি। এ প্রসঙ্গে তিনি অধ্যাপক বদরুদ্দীন উমরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বিরোধিতার একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন।

রিজভী বলেন, একজন মানুষের রাজনৈতিক মতের সঙ্গে দ্বিমত থাকলেই তাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে দূরে রাখার প্রবণতা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। অথচ পাকিস্তান আমলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিরোধিতা সত্ত্বেও অধ্যাপক শামসুল হক ভিন্নমতের একজন শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দিতে রাজি হননি। কিন্তু স্বাধীনতার পর একই ধরনের অসহিষ্ণুতার নজির দেখা গেছে।

বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, শুধু জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চা থাকলেই প্রকৃত শিক্ষা অর্জিত হয় না। এর সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও বিবেকের সংযোগ থাকতে হয়। যারা দুঃসময়ে সত্যের পক্ষে কথা বলেন এবং সত্য-মিথ্যার পার্থক্য করতে পারেন, তারাই প্রকৃত বুদ্ধিজীবী। ইতিহাসে হিটলারের মতো স্বৈরশাসকদের পক্ষেও অনেক খ্যাতিমান দার্শনিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবী অবস্থান নিয়েছিলেন।

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে রিজভী বলেন, বিগত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। টিআইবির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি দাবি করেন, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেতে সাড়ে চার লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়েও টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে।

তিনি বলেন, একজন শিক্ষক যদি ঘুষের বিনিময়ে নিয়োগ পান, তাহলে সেই জাতির শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড শক্ত থাকার কথা নয়। পাঠ্যপুস্তক ও পাঠ্যসূচিতে নিজেদের মতো করে ইতিহাস সাজিয়ে শিক্ষার্থীদের পড়ানোর চেষ্টা হয়েছে। শিক্ষাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার মাধ্যমে শিক্ষার্থীদের সত্য যাচাইয়ের সুযোগ সংকুচিত করা হয়েছে।

গুম ও দমন-পীড়নের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে বহু মানুষকে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে। তাদের স্বজনেরা জানতেন না, তারা কোথায় আছেন। কেউ দুই বছর, কেউ পাঁচ বছর, আবার কেউ নয় বছর পর ফিরে এসেছেন। অনেককে আর খুঁজে পাওয়া যায়নি। এমন পরিস্থিতি গণতান্ত্রিক পরিবেশের সম্পূর্ণ বিপরীত।

তিনি আরো বলেন, ২০২৪ সালের আন্দোলনে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পরও একটি পক্ষের মধ্যে অনুশোচনার অভাব দেখা যাচ্ছে। বরং বিভিন্নভাবে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়া এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে হামলা ও নাশকতার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, জনসমর্থনহীন কোনো কর্মকাণ্ড দীর্ঘস্থায়ী হতে পারে না। ১৯৭১ সালে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার দিয়ে সহযোগিতা করেছে। আবার ১৯৭৫ সালের পর দেশের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে আসা ব্যক্তিদের সম্পর্কেও সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়েছে। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণের আকাঙ্ক্ষাই সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, দেশে বারবার ফ্যাসিবাদী পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে একটি স্থায়ী গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। কারণ, অন্ধকার যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ হলে সেই অন্ধকার দূর করে আলোর পথ তৈরি করতে পারে।

(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৬)